আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি থাকার পরও বিরোধপূর্ণ জমি নিয়ে নতুন করে আপস-মীমাংসা ও মাপজোখের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। চট্টগ্রামের বাঁশখালীতে ছয় শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জমির দখল ও নির্মাণকাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং আগ্নেয়াস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে বিবাদীপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতের আদেশের কার্যকারিতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদীপক্ষের আইনজীবী।
আইনজীবী মো. রাশেদুল ইসলাম চৌধুরীর পাঠানো আইনি নোটিশ সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার একটি ছয় শতক জমির স্বত্ব ঘোষণা ও দখল সুরক্ষার জন্য সিনিয়র সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন মোহাম্মদ মোজাম্মেল হক। মামলার পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।
নোটিশে বলা হয়, আদালতের আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাদীদের জমি থেকে বাদীকে উচ্ছেদের চেষ্টা, তাঁর শান্তিপূর্ণ দখলে বাধা এবং জমিতে বিদ্যমান বসতবাড়ি ও নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কিন্তু আদালতের আদেশের পরও বিবাদীপক্ষ জমিতে গিয়ে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে। এমনকি একপর্যায়ে আগ্নেয়াস্ত্র হাতে প্রদর্শনমূলক মহড়া দিয়ে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
আইনি নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় পুলিশ বাদীকে থানায় উপস্থিত হতে বাধ্য করে এবং নতুন করে আপস-মীমাংসার উদ্যোগ নেয়। সমাধান না হলে জমি মাপজোখের প্রস্তাব দেওয়ার কথাও উল্লেখ করেছেন বাদীপক্ষ।
এ পরিস্থিতিতে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান বাদীপক্ষের আইনজীবী। একই সঙ্গে আদালতের আদেশ থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে নথিভুক্ত করা, বিরোধপূর্ণ জমি নিয়ে জোরপূর্বক মাপজোখ কিংবা আপস-মীমাংসার উদ্যোগ থেকে বিরত থাকা এবং ভয়ভীতি, হামলা ও উচ্ছেদের চেষ্টা প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
নোটিশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।
আইনজীবীর বক্তব্য, জমির মালিকানা ও দখল নির্ধারণের বিষয়টি দেওয়ানি আদালতের বিচারাধীন। তাই আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞার আদেশের সঙ্গে সাংঘর্ষিক কোনো কার্যক্রম গ্রহণ করা উচিত নয়।