মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের সেমাই উৎপাদন, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই অসম্পূর্ণ ও অসত্য লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতির কারণে একটি কারখানাকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানিয়েছেন, বাকলিয়ার আমান ফুড প্রোডাক্টস অ্যান্ড রফিক ফুড প্রোডাক্টস নামের সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ও ৪১ ধারানুযায়ী ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং বাকলিয়া থানার একটি টিম সার্বিক সমন্বয় করেন।
জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।