1. ভোর ৪টা। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে এক শীর্ষ ব্যাংকারের। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে দেশের একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সংক্ষিপ্ত নির্দেশ “আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।”
  2. এই এক মুহূর্তেই শুরু হয় বাংলাদেশের ব্যাংকিং খাতের বহুল আলোচিত এক অধ্যায়।
  3. ২০১৭ সালের ৫ জানুয়ারি রাজধানীর পরীবাগের বাসা থেকে তুলে নেওয়া হয় ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নানকে। একই সময়ে ব্যাংকটির চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান আজিজুল হককেও নিজ নিজ বাসা থেকে নিয়ে যাওয়া হয়। তাদেরকে কচুক্ষেতের একটি গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
  4. সেখানে পৌঁছে তাদের সামনে তুলে ধরা হয় প্রস্তুত করা পদত্যাগপত্র। নির্দেশ ছিল স্পষ্ট তাৎক্ষণিক সই করতে হবে। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে ঘটে নাটকীয় পরিবর্তন।
  5. এরপর দ্রুত গতিতে বদলে যেতে থাকে ইসলামী ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামো। ওইদিনই রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় একটি গোপন বৈঠক, যেখানে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত সেই বৈঠকের পরপরই নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এস আলম গ্রুপের ঘনিষ্ঠ একজন ব্যক্তি। একই দিনে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও পাওয়া যায়।
  6. নিয়ন্ত্রণ পরিবর্তনের পরপরই শুরু হয় বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ঘটনা। অভিযোগ রয়েছে, প্রাথমিক পর্যায়েই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা অন্য কয়েকটি ব্যাংকে স্থানান্তর করা হয়, যার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে নামে-বেনামে বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়ার অভিযোগ ওঠে।
  7. এ ঘটনার ফলে ব্যাংকটির বিদেশি বিনিয়োগকারীরা চাপে পড়ে যান। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উদ্যোক্তারা ধীরে ধীরে তাদের শেয়ার বিক্রি করে সরে দাঁড়াতে বাধ্য হন বলে জানা যায়। স্থানীয় অংশীদারদের মধ্যেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়।
  8. বিশ্লেষকদের মতে, ওই দিনের ঘটনাপ্রবাহ শুধু একটি ব্যাংকের মালিকানা পরিবর্তনই নয়, বরং দেশের ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য আমানতকারী ও বিনিয়োগকারী।
  9. একটি ভোরের সেই ঘটনাই বদলে দেয় দেশের অন্যতম বৃহৎ ব্যাংকের ভবিষ্যৎ আর সঙ্গে নিয়ে যায় লাখো মানুষের আস্থা ও স্বপ্নের একটি বড় অংশ।