গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে সেন্টমার্টিন লাইটহাউজ হতে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘সমুদ্র অভিযান’। তৎক্ষণাৎ নৌবাহিনী জাহাজ কাঠের বোটের অবস্থানে পৌঁছে “এফবি আব্দুর রহমান-২” নামক বোটটিকে আটক করে।
এ সময় আটককৃত বোটে তল্লাশী করে ৮শ ৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং পাচারের সাথে সংশ্লিষ্ট ১১ জন ব্যক্তিকে আটক করা হয়।
বোটসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫১ লক্ষ টাকা। জব্দকৃত বোট, উদ্ধারকৃত সিমেন্ট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।