--সিঙ্গাপুর থেকে ইমরান কালাম চৌধুরী--
 সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের আবহে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উৎসবমুখর ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। রোববার সমুদ্রতীরবর্তী ইস্ট কোস্ট পার্কে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন দেশের অতিথিরা।

১৯৮১ সাল থেকে অলাভজনক সংগঠন হিসেবে সিঙ্গাপুরে বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কাজ করে আসছে এসবিএস। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

দিনব্যাপী আয়োজনে ছিল পরিবারকেন্দ্রিক নানা বিনোদনমূলক কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের জন্য বিভিন্ন আয়োজন। পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করা হয়।

মেজবানে মিলল চট্টগ্রামের ঐতিহ্যের স্বাদ

আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী মেজবান। এতে দেশি-বিদেশি প্রায় এক হাজার মানুষের সমাগম ঘটে।

প্রবাসের মাটিতে মেজবানের আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের স্বাদ তুলে ধরা হয়। দেশি-বিদেশি অতিথিরাও চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই আয়োজন উপভোগ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি সিঙ্গাপুরের বহুজাতিক সমাজে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।