পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আগামী ২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৫৫তম জশনে জুলুছ। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ জুলুছে এবারও বিপুলসংখ্যক মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
জুলুছে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত থাকবেন দরবারের সাহেবজাদা হজরত সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মু. জি. আ.) ও সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ্ (মু. জি. আ.)।
আওলাদে রাসূল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.) ১৯৭৪ সালে এ জশনে জুলুছের প্রবর্তন করেন।
সোমবার (১৭ আগস্ট) নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু।
তিনি জানান, ৯ রবিউল আউয়াল ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। জুলুছের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনজুমানের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
জুলুছের রোডম্যাপ
আগামী ২৬ আগস্ট সকাল ৮টায় চট্টগ্রামের মুরাদপুরের ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুছ শুরু হবে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে শেষ হবে।
সেখানে দুপুর ১২টায় মাহফিল, এরপর জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।
জুলুছকে ঘিরে ইতোমধ্যে নগর ও বিভিন্ন উপজেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। সড়কদ্বীপ, বিভাজক ও অলিগলি সাজানো হয়েছে আনজুমানের পতাকা, ব্যানার ও ফেস্টুনে।
থাকছে কঠোর শৃঙ্খলা
জুলুছের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়মকানুন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী জুলুছে ড্রামসেট নিয়ে প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ।
সঞ্চালনা করেন আনজুমান মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। উপস্থিত ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি কামরুদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহমুদ নেওয়াজ, শাহজাদ ইবনে দিদার, আবদুল হাই মাসুম, আনোয়ারুল হক, প্রফেসর কামাল উদ্দিন, মিডিয়া ডেস্ক এর যুগ্ম আহবায়ক আবু তালেব বেলাল ও সদস্য আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী প্রমুখ।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও ৫৫তম জশনে জুলুছ চট্টগ্রামের রাজপথে বিশাল জনসমাগমে রূপ নেবে।