ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আজ খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য জেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। অর্থনৈতিক সংকটের কারণে পাহাড়ের কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেজন্য সরকারের পক্ষ থেকে শিক্ষা সহায়তা অব্যাহত রাখা হবে। জেলায় শিক্ষার প্রসার ও মানোন্নয়নের পাশাপাশি পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নেওয়া হবে। একই সাথে নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট ৭৭৮ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তির আর্থিক মঞ্জুরি প্রদান করা হয়। এর মধ্যে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।এছাড়া জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার ১০ জন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলায় মোট ৯০ জন নারীর মাঝে ৯০টি সেলাই মেশিন বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে । যার মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (রাঙ্গামাটি) এর ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদের সভাপতিত্বে পার্বত্য খাগড়াছড়ির আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বিশেষ অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।