আজ ৫ অক্টোবর ২০২৬ তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সার্বিক দিকনির্দেশনায় নগরীর বাকলিয়া থানাধীন ভেড়ামার্কেট, নতুন চাকতাই এলাকায় এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকাল ৩:৩০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার মজুদের অপরাধে ৮টি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক ১,৮০০ বস্তা টিএসপি, এমওপি এবং ডিএপি সার জব্দ করা হয়। জব্দকৃত সার প্রচলিত আইন ও বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা, পাঁচলাইশ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাকলিয়া থানার যৌথ জিম্মায় প্রদান করা হয়েছে।
আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে অভিযুক্ত ১ জন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। একই সাথে অপর ১ জন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে; যার অর্থদণ্ডও নগদ আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল, চট্টগ্রাম মোঃ সাকিব উল আলম জানান, "জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের কঠোর নির্দেশনা রয়েছে কৃত্রিম সংকট তৈরি বা অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। গোপন খবরের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষি উপকরণ ও সারের বাজারে শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের এই কঠোর তদারকি ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।"
চাকতাইয়ে ৮ গোডাউনে অভিযান: বিপুল পরিমাণ সার জব্দসহ ২ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড