বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

শেখ হাসিনার মতো গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমনের বিশ্বাস করে না বিএনপি সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। তাই আমরা তার মতো আচরণ করতে পারি না।

আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, যাতে দেশে আর কখনো শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। সমাজে গণতন্ত্রের চর্চা যত বাড়বে, মানুষ তত নিরাপদ হবে এবং সমাজে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ। অসাধারণ নেতৃত্বের প্রজ্ঞা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এই রাজনীতিক ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন। ধাপে ধাপে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করে তিনি জাতীয় পর্যায়ে পৌঁছান। অন্য কোনো পেশাগত বা রাজনৈতিক পটভূমির ওপর নির্ভর না করে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং দলের ও দেশের সংকটময় সময়ে নেতৃত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, নতুন করে গণতন্ত্রবিরোধী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও দেশের অভ্যন্তরে মদদ দিচ্ছেন বলেও জানান তিনি। তিনি বলেন, বিপুল অর্থ বিদেশে পাচার এবং দেশের অভ্যন্তরেও অর্থ ও অনুসারী রেখে গেছেন শেখ হাসিনা। তার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থেকে সন্ত্রাসীদের দিয়ে মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিচ্ছে।বিএনপির নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে। 

রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের ওপরও হামলা হচ্ছে। নাহিদ ইসলামের ওপর হামলা এবং এবি পার্টির মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের পেছনে প্রতিবেশী দেশ থেকে মদদ আসছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, কিছুদিন আগে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইল ফোনে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে একটি খুদে বার্তা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনার অনুসারীরা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনো সক্রিয় রয়েছে। তাদের তৎপরতার কারণেই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তিন-চার দিনের মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা আন্দোলন গড়ে তোলার জন্য লাশ চান বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা বরাবরই সন্ত্রাসী ও গুন্ডাবাহিনীর ওপর নির্ভর করেছেন। সেই বাহিনী এখনো দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে। বাংলাদেশের ওপর তার লুটপাটের যে স্বর্গরাজ্য ছিল, ক্ষমতা হারানোর মধ্য দিয়ে তা হাতছাড়া হয়েছে।

সভা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

স্মরণসভায় আরও বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সাবেক সভাপতি আবু আহসান লাল্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।