বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে।
আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল প্রায় চূড়ান্ত হয়েছে। বহু বছর ধরে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্ব থেকে বঞ্চিত সাধারণ সদস্যরা এবার ঐক্যের পতাকাতলে একজোট হয়েছেন।
প্রচুর উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এবং এর মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও পরিষ্কার হয়ে উঠেছে।
সদস্যদের প্রত্যাশা, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নবীন ও প্রবীণ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠবে।
অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা “সম্মিলিত পরিষদ” এবার বড় ধরনের সংকটে পড়েছে। সংগঠনে দীর্ঘকাল প্রভাব বিস্তারকারী এ প্যানেল খুব অল্পসংখ্যক প্রার্থী দাঁড় করাতে সক্ষম হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা কৌশলে কিছু প্রার্থীকে “স্বতন্ত্র” পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামানোর চেষ্টা করছে।এবারের নির্বাচনে উভয় পক্ষের কৌশল ও প্রচারণা শিপিং অঙ্গনের ভেতর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে অনেকেই মনে করছেন, একটি পক্ষ নানা অভিযোগ ও প্রশ্ন তুলে এই বহুল প্রতীক্ষিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।