চাঁদাবাজি মামলা তুলে নিতে অব্যাহত হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন একুশে টিভির চট্টগ্রাম অফিসের ক্যামরাপার্সন বিপ্লব মজুমদারের পরিবার। এলাকার এক প্রভাবশালীচক্র দীর্ঘ দিন ধরে পরিবারটির কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় নির্যাতনের খড়গ নেমে এসেছে পরিবারটির উপর। 

আদালত সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন, পূর্ব মাইজপাড়া মজুমদার বাড়ীর দোলন মজুমদার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত – ০২ এ অবৈধ দলখ ও চাঁদাবাজি মামলা করেন। সিআর মামলা নং-৭৩৮/২৫।

মামলায় উল্লেখ করা হয়, দোলন মজুমদারের পরিবারের দুই গন্ডা জায়গার উপর স্থানীয় প্রভাবশালী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজল মজুমদার, রনজিত মজুমদার, আশীষ মজুমদার ও পিঠু লাল দে’র চোখ পড়ে। তারা জায়গাটি নামমাত্র মূল্যে তাদেরকে দিয়ে দিতে চাপ প্রয়োগ করেন। না দেয়ায় তারা ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।  এরই প্রেক্ষিতে গত ৩০ আগষ্ট রাতে সন্ত্রাসীচক্রটি জায়গা দখলের চেস্টা করে। এসময় তাদের হামলায় বেশ কয়েকজন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়। সর্বশেষ গত ৩ অক্টোবর রাত ১০ টায় সুব্রত মজুমদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দোলন মজুমদারের কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তাকে ও তার বৃদ্ধ মাকে মারধর করে।সাংবাদিক বিপ্লব মজুমদারের বৃদ্ধ মা আলো রানী মজুমদারের অভিযোগ, আসামিরা বাড়িতে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। ছেলে সন্তানদের জীবন নিয়ে শঙ্কায় আছি। তিনি প্রশাসেনর হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন। সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে হামলা, হুমকি ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।