আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চট্টগ্রাম নগরের দুইটি স্থানে তিন ঘণ্টার প্রতীকী অবরোধ কর্মসূচি পালিত হবে বলে নিশ্চিত করেছে বন্দরনির্ভর সংগঠন স্কপ।
গতকাল ২৩ নভেম্বর রবিবার স্কপ চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে একটি সরকারি সংস্থার আলোচনার প্রেক্ষিতে আজ সকাল ১১টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর কাওসারসহ সদস্য প্রকৌশল, সদস্য হারবার কমোডর আবদুল্লাহ এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্কপ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এনসিটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া হাইকোর্ট স্থগিত করেছেন, এবং দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হবে না।
এদিকে স্কপের যুগ্ম সমন্বয়ক কাজী শেখ নুরুল্লা বাহার বলেন, “বন্দর কর্তৃপক্ষ যদি লিখিতভাবে বিষয়টি জানায়, তাহলে এ বক্তব্য বিশ্বাস করা যাবে। কারণ বিনিয়োগ বোর্ডের নির্বাহী আশিক বলেছেন—এক সপ্তাহের মধ্যেই চুক্তি হবে। জনগণ ও শ্রমজীবী মানুষ কোনটাকে বিশ্বাস করবে?”
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে ঘোষিত কর্মসূচি আগের মতোই পালন করা হবে। তবে জনগণের ভোগান্তি বিবেচনায় তিনটি স্থানের পরিবর্তে এবার দুইটি স্থানে অবরোধ হবে।অবরোধের স্থান দুটি হলো—. বড়পোল পোর্ট কানেক্টিং রোডের মুখ, টোল রোডের ইসহাক ডিপো সংলগ্ন রাস্তা
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন স্কপ নেতৃবৃন্দ—কাজী শেখ নুরুল্লা বাহার, তপন দত্ত, এস কে খোদা তোতন, মো. খোরশেদ আলম, জাহেদউদ্দিন শাহীন, নুরুল আবছার তৌহিদ, ফজলুল কবির মিন্টু, যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান, বন্দর শ্রমিক নেতা ইব্রাহিম খোকন এবং ডক শ্রমিক নেতা মো. হারুন।