চট্টগ্রাম, ২ জুলাই ২০২৬: দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা উন্নয়ন এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জাপানের Official Security Assistance (OSA) কর্মসূচির আওতায় প্রাপ্ত পাঁচটি আধুনিক উচ্চগতির পেট্রোল বোট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি (Parliamentary Vice-Minister for Foreign Affairs)। এছাড়া জাপানের প্রতিনিধি দল, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বরে পাঁচটি উচ্চগতির পেট্রোল বোট সংগ্রহে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই বছরের নভেম্বরে নোট বিনিময়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে।
জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে 'বানৌজা নির্ভীক'-এ নৌবাহিনীর সদস্যদের এসব বোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬.১৫ মিটার, প্রস্থ ৩.৫৩ মিটার, গভীরতা ১.৭৮ মিটার এবং ধারণক্ষমতা ১৩.৫ টন। বোটগুলো সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল (নট) গতিতে চলতে সক্ষম।
কম গভীরতার জলপথে চলাচলের উপযোগী এসব উচ্চগতির পেট্রোল বোট দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ এবং দুর্গম নৌপথে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনায় সহায়ক হবে। পাশাপাশি সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল ও নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, জাপানের Official Security Assistance (OSA) কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।
নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট