চট্টগ্রাম, ১৪ জুলাই: দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেল লিখিত বক্তব্য পাঠ করে এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইএসপি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি এবং দাবি পূরণ না হলে হামলা ও হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এতে পুরো আইএসপি শিল্পের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প-কারখানা, ব্যাংকিং, ই-কমার্স, সরকারি ও বেসরকারি প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। ফলে আইএসপি প্রতিষ্ঠানগুলো নিরাপদ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে না পারলে এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডে পড়বে।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগ সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে— চট্টগ্রামের ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপি খাতে সংঘটিত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর ও হয়রানির ঘটনাগুলোর কঠোর তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ।
রাজিব শাহরিয়ার রুবেল বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আইএসপি শিল্পের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে তারা প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, যদি এই নিরাপত্তাহীনতা অব্যাহত থাকে এবং ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে ভবিষ্যতে দেশের ইন্টারনেট সেবা সচল রাখা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এমন পরিস্থিতি তৈরি হোক, তা তারা চান না।সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা, স্মার্ট অবকাঠামো নির্মাণ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইএসপি শিল্পের নিরাপত্তা ও সুরক্ষা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দাবি।
উপস্থিত ছিলেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব ফারহান ফুয়াদ,যুগ্ম আহবায়ক মোঃ নিয়াজ মোর্শেদ , সদস্য প্রকৌশলী মোঃ ওমর ফারুক মুন্না, মিরাজুল ফয়েজ, মোঃ আনিসুজ্জামান খাঁন,পরিচালক রাশেদুল রহমান রাজন, অফিস সেক্রেটারি
রাজীব দাশ ।