- দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে।
- বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
- মন্ত্রী বলেন, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার অধিকার রয়েছে। তবে দেশের আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে।
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাবনার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সরকার প্রত্যর্পণসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে কাজ করছে। তবে তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। বাংলাদেশের আইনগত এখতিয়ারে প্রবেশ করলেই প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- তিনি বলেন, “তিনি কীভাবে আসবেন, সেটা তার বিষয়। কিন্তু আমাদের এখতিয়ারের মধ্যে প্রবেশ করলে আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাই প্রয়োগ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।”
- অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
- রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি জানান, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
- তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজনে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।
- মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক পর্যবেক্ষণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার কোনো অভিযোগ বা পর্যবেক্ষণকে উপেক্ষা করবে না। তিনি বলেন, “যদি কোনো অভিযোগ বা পর্যবেক্ষণ আসে, তাহলে সেটি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখা হবে।”
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা, আইনের মুখোমুখি হতেই হবে: আইনমন্ত্রী
দেশে ফিরলেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা; রাষ্ট্রপতি নির্বাচন ও মানবাধিকার ইস্যুতেও সরকারের অবস্থান তুলে ধরলেন আইনমন্ত্রী।