প্রয়াত দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় নগরের কাজীর দেউড়ীস্থ জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন।