চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করেছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি চুয়েটের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব গ্রহণ করেন।
একই দিন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠান।
অধ্যাপক ড. শেখ শরীফুল আলম এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কুয়েটের শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে যুক্ত ছিলেন।
যোগদানের পর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বাংলানিউজকে বলেন, আমি আজ যোগদান করেছি।
আমার যোগদানপত্র প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা সচিব যোগদানপত্র পেয়েছেন বলে আমাকে নিশ্চিত করেছেন।
চুয়েটের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি চুয়েটের ছাত্র ছিলাম। চুয়েটের প্রতি আমার আবেগ ও ভালোবাসা রয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর দলমতের ঊর্ধ্বে উঠে চুয়েটের সার্বিক উন্নয়নে কাজ করবো।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে চুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপাচার্য।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।