পটিয়ায় দলিলের মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, তদন্তে দুদক।
চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চারতলা ভবনের তথ্য গোপন করে কমমূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্রে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৫ অক্টোবর) পৃথক দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কমমূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুদকের চট্টগ্রাম-২ জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট কার্যালয় ও ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে দলিল নিবন্ধনের সময় চারতলা ভবনের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।সংগৃহীত নথিপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
সকালের চট্টগ্রামে সংবাদ প্রকাশের পর পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান