আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিআরটিএর সচেতনতামূলক অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি, কলকারখানা ও পণ্য পরিবহন কোম্পানির ডিপোতে যানবাহন চলাচল, পার্কিং ও রক্ষণাবেক্ষণসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম ও বিআরটিএর বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা কার্যক্রমে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক মো. মুজিবসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন সংশ্লিষ্টদের সড়কে চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন সুশৃঙ্খলভাবে রাখার বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন ছাড়া যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র বিশৃঙ্খলভাবে পার্কিংয়ের অপরাধে ১৫টি তাৎক্ষণিক মামলা করা হয়। এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া দণ্ডপ্রাপ্ত যানবাহনের চালক ও মালিকদের সঙ্গে কথা বলে আইন মেনে চলার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এসব অপরাধ থেকে বিরত থেকে সংশোধনের জন্য সতর্ক করা হয়।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহন চলাচল নিরাপদ করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিআরটিএর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।