সিঙ্গাপুর থেকে ক্যাপ্টেন ইমরান কালাম চৌধুরী
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS)-এর উদ্যোগে বার্ষিক কমিউনিটি ডিনার ২০২৬ জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সিঙ্গাপুরের PARKROYAL Hotel-এ অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সম্প্রীতি উদযাপন করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব দিনেশ বাসু দাশ। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস দিনেশ বাসু দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাননীয়া জনাবা লুৎফুন্নাহার।

অনুষ্ঠানে সিঙ্গাপুর ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ৪৫০ জনেরও বেশি অতিথি অংশগ্রহণ করেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় বাংলাদেশি কমিউনিটির এক বৃহৎ মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে SBS-এর সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসাইন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই SBS-এর অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি সিঙ্গাপুর সরকারের সহযোগিতা এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে SBS-এর সুসম্পর্কের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রধান অতিথি জনাব দিনেশ বাসু দাশ তাঁর বক্তব্যে সিঙ্গাপুরের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করেন। তিনি সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি SBS-এর দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার|

বিশেষ অতিথি মাননীয়া জনাবা লুৎফুন্নাহার তাঁর বক্তব্যে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ঐক্য, শৃঙ্খলা ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার ক্ষেত্রে কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। SBS-এর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

SBS-এর ভাইস প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা জনাব খোরশেদ আলম চৌধুরী তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং বাংলাদেশের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের সঙ্গে আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান।
SBS-এর সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জিএম সালাউদ্দিন তাঁর বক্তব্যে বার্ষিক কমিউনিটি ডিনার সফল করার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলাদেশ হাইকমিশন, SBS-এর সদস্যবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং আয়োজক কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি SBS-এর দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরে বলেন, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি চার দশকেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে SBS-এর দায়িত্ব ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও সিঙ্গাপুরের মূলধারার সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে SBS আরও কার্যকর ভূমিকা পালন করবে।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (SBS) বর্তমানে সিঙ্গাপুরে বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন হিসেবে চার দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। দীর্ঘ পথচলায় সংগঠনটি সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কমিউনিটি উন্নয়ন এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

বার্ষিক কমিউনিটি ডিনার ২০২৬-এর আয়োজনের মধ্য দিয়ে SBS আবারও ঐক্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের বন্ধুত্বকে আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

অনুষ্ঠানের শেষপর্বে নৈশভোজ, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একটি আনন্দঘন ও স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি ঘটে।