দীর্ঘ ২৭ দিনের অচলাবস্থা কাটিয়ে আবারও ইউরিয়া সার উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কারখানাটিতে বর্তমানে ২৪ ঘণ্টায় এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ দিন কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এতে প্রতিদিন গড়ে তিন কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে। বর্তমানে কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।
কারখানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই আবার যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে ত্রুটি মেরামত করে উৎপাদন চালু করা হলেও বেশিদিন তা অব্যাহত রাখা সম্ভব হয়নি। বারবার যান্ত্রিক সমস্যার কারণে কারখানাটির উৎপাদনে বিঘ্ন ঘটে। অবশেষে ২৭ দিনের বিরতি শেষে শুক্রবার ভোরে পুনরায় উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা জানান, প্রায় ৪০ বছরের পুরোনো এ কারখানায় বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলে যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি পাইপলাইনে মরিচা ও লিকেজের মতো সমস্যাও দেখা দেয়।
উল্লেখ্য, সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) প্রতিষ্ঠান সিইউএফএল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে নাইট্রোজেনসমৃদ্ধ ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়।
১৯৮৫ সালের অক্টোবরে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর পরীক্ষামূলক উৎপাদন শুরু করে এবং ১৯৮৮ সালের ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদনে যায় সিইউএফএল। জাপানের টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশন কারখানাটির জেনারেল কন্ট্রাক্টর হিসেবে কাজ করে।
কারখানাটিতে ১৭০ মিটার দৈর্ঘ্য ও ২৫ মিটার প্রস্থের একটি জেটি রয়েছে। এটি সিইউএফএলের পাশাপাশি ডিএপিএফসিএলের ফসফরিক অ্যাসিড খালাসের কাজেও ব্যবহৃত হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ছোট লাইটার জাহাজে সার সরবরাহের জন্য রয়েছে পৃথক লোকাল জেটি।
সংশ্লিষ্টদের মতে, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে সিইউএফএলের উৎপাদন বারবার ব্যাহত হয়েছে। তবে দেশের কৃষি খাতে ইউরিয়া সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।