চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চসিকের দুই বছরের অগ্রযাত্রা উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটির পাশাপাশি মানবিক নগর হিসেবে গড়ে তুলতে হবে। ফুটপাত দখল, যানজট ও পার্কিং সংকট সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ফুটপাত হকারমুক্ত করার পাশাপাশি তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।
তিনি আরও বলেন, নগরের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে চসিক, সিডিএ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।
সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীরাও এ ক্ষেত্রে সহযোগিতা করবেন।
সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগর গড়তে কাজ করছেন তাঁরা।
গত দুই বছরে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নিবন্ধন করেছেন ২০ হাজার ২৮৭ জন নাগরিক। জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টির সমাধান করা হয়েছে।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় চসিকের দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। বর্তমানে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকে জমা রয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করেছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।