চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (সিআইএমসি)। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এ হাসপাতালের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ মেডিক্যাল এডুকেশন এক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) স্বীকৃতি পাওয়া দেশের আটটি মেডিক্যাল কলেজের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুটি রয়েছে।
এর একটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং অন্যটি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ।
সিআইএমসি কর্তৃপক্ষ জানায়, কলেজ প্রতিষ্ঠার ১৩ বছরে চারটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
.
এসব সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণাপত্র উপস্থাপন করেছেন। মালয়েশিয়া, তুরস্ক, চীন ও থাইল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সিআইএমসির সমঝোতা স্মারক রয়েছে।
স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে জানানো হয়, সিআইএমসির সঙ্গে ৫০০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। হাসপাতালের ২১টি বিভাগে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন। অন্তর্বিভাগের প্রায় সব শয্যা পূর্ণ থাকায় জায়গার অভাবে রোগী ফেরত দিতে হচ্ছে। এছাড়া ১০ শতাংশ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শয্যা সংকটের কারণে রোগীদের মেঝে ও সিঁড়িতে চিকিৎসা নিতে হচ্ছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যসেবার চাপ কমাতে ১ হাজার শয্যার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ৩০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নে দাতা সংস্থা, সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি ও সিআইএমসি হাসপাতালের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন। উপস্থিত ছিলেন সিআইএমসির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, অধ্যাপক ডা. মুসলিনা আক্তারসহ সংশ্লিষ্টরা।