~হাসিনা আকতার কোহিনুর~
আমার প্রাণপ্রিয় বাবা মরহুম আলহাজ্ব মোজাফফর আহমদ চৌধুরী টি.কে (মোজাফফর মোক্তার) এর স্বপ্নের ঠিকানা এই সাতকানিয়া সরকারি কলেজ।
একজন ত্যাগী জনকল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন আমার প্রাণপ্রিয় বাবা। জীবনে অনেক জনহিতকর কাজ করে গেছেন তিনি। তৎমধ্যে বাবার সবচেয়ে বড় অর্জনটা ছিলো ~ আমাদের গ্রামের বাড়ির পূর্বপাশে বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত সাতকানিয়া সরকারি কলেজ। কর্ণফুলী থেকে টেকনাফ পর্যন্ত বিশাল এলাকার মধ্যে এই কলেজটি দ্বিতীয়। প্রথম কলেজ বোয়ালখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ। সেই আমলে দেশে দুর্নীতিবাজ, ঘুষখোর আর ব্যাংকলুটেরা ছিলো না। কোটিপতির সংখ্যাও ছিলো হাতে গোনা কয়েকজন। তখন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সরকার অনুমতি মঞ্জুরী দিলেও অনুদান দেয়া হতো না। এতে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং টিকিয়ে রাখা কঠিন হয়ে যেতো। এমনি প্রতিকূল পরিবেশে বাবা সাতকানিয়া সদরে আমাদের পৈত্রিক বাড়ির পূর্বপাশে নিজের বত্রিশ (৩২) কানি জমির উপর কলেজটি প্রতিষ্ঠা করেন।
কোনো ব্যক্তির একার পক্ষে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এতে নানাজনের সহযোগিতা লাগে। ফলে বাবার বন্ধু কলেজের প্রথম অধ্যক্ষ রায় সাহেব কামিনী কুমার ঘোষ, মরহুম আবদুল হাকিম চৌধুরী সাহেব সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন। সেই সময় সাতকানিয়া সার্কেলের অফিসার (লোহাগাড়াসহ বৃহত্তর সাতকানিয়া ও বাঁশখালী এক সার্কেল) মরহুম তাজুল ইসলাম সাহেবও কলেজ প্রতিষ্ঠায় বাবাকে সহযোগিতা করেন।
পর্যাপ্ত জমি দেয়ার পাশাপাশি অবকাঠামো নির্মাণ এবং আসবাবপত্র দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গতা সে সময় অনেক কঠিন ছিলো। যেহেতু অর্থশালীদের সংখ্যা ছিলো খুবই কম। সাথে শিক্ষক কর্মচারীগণের মাসিক বেতন প্রদান করা আরো কঠিন ছিলো।
কলেজের বিশাল এলাকাটি আমাদের পারিবারিক সম্পত্তি। এখানে রয়েছে একাধিক দালান, বড় পুকুর, খেলার মাঠ, হোস্টেল ইত্যাদি।
১৯৪৯ সালে এই কলেজ প্রতিষ্ঠা লাভ করে। তবে স্বভাবতই তার আগে থেকে আলোচনা পর্যালোচনা থাকাটাই স্বাভাবিক। ১৯৪৯ সালে কলেজ প্রতিষ্ঠা লাভ করলেও ১৯৬০ দশকে এসে এই কলেজ চট্টগ্রাম অঞ্চলে সাড়া জাগায়। তার মূলে ছিলেন মীরসরাই নিবাসী সৎ নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব মরহুম আবুল খায়ের চৌধুরী চাচার অধ্যক্ষ হিসেবে যোগদান। তিনি রাত দিন এই কলেজের কল্যাণে পরিশ্রম করে গেছেন। তাঁর হাতেই ১৯৮২ সালে এ কলেজ সরকারী করণ হয়।
বাবাকে নিয়ে বিশিষ্ট প্রাবন্ধিক এবং লেখক আলহাজ্ব আহমেদুল ইসলাম চৌধুরী চাচার লেখা থেকে জানলাম, বাবা চট্টগ্রাম শহর থেকে বাড়িতে গেলেই একবার কলেজটি ঘুরে দেখতেন। একজন অধ্যক্ষের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে কিভাবে সম্মান দেখাতে হয় এবং মূল্যায়ন করতে হয়, তা শ্রদ্ধেয় অধ্যক্ষ আবুল খায়ের চৌধুরী চাচা অনুকরণীয় এবং অনুসরণীয়। আফসোসের বিষয় হলো, এখন সবাই কর্তৃত্ব এবং নেতৃত্ব পেয়ে অহংকারী হয়ে প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতার পরিবারকে সম্মান দেখাতে অনিহা প্রকাশ করে।
বাবা মুসলিম লীগ করতেন। তিনি একাধিক বার জাতীয় পর্যায়েও নির্বাচন করেন। ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচনে তিনি ভালো ভোট পান। কলেজের পশ্চিম পাশে দৃষ্টি নন্দন "মোজাফফর মোক্তার জামে মসজিদ ও পারিবারিক কবরস্থান" প্রতিষ্ঠা করেন। বাড়ির পশ্চিম পাশে "ডাকবাংলো" বাবারই অবদানের ফসল। পাকিস্তান সরকার বাবাকে বিশেষ সমাজসেবামূলক উপাধি টি.কে (তমগায়ে খেদমত) প্রদান করেন। এছাড়া সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকা সহ অনেক সংগঠন বাবাকে মরণোত্তর সম্মাননা প্রদান করেন। আমি গর্বিত এজন্য যে, আমি আমার বাবার মরণোত্তর সম্মাননা নিজ হাতে গ্রহণ করতে পেরেছি।
বাড়ির পূর্বপাশে দক্ষিণমুখী রাস্তাটি বাবাই নির্মাণ করেন। রাস্তাটি বড় আপার নামে "চেমন আরা বেগম সড়ক" নামকরণ করা হয়।
সেই পাকিস্তান আমলে বাবা রাজসিক জীবন যাপন করতেন। চট্টগ্রাম শহরের ঘাটফরহাদবেগে বাবার নিজস্ব বাড়ি-গাড়ি। এখান থেকে নিজস্ব গাড়ি করে সাতকানিয়া যাওয়া-আসা করতেন। সাতকানিয়ায় গ্রামের বাড়িতে বাবার একটি ঘোড়া ছিলো। বাবা ঘোড়াটি নিয়ে সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের সুখে-দুঃখে সামিল হতেন। বাবার ইন্তেকালের পর ঘোড়াটি বাবার কবরের পাশে শুয়ে থাকতো। পরে ঘোড়াটিও মারা যায়।
বাবা ছিলেন একজন ধার্মিক, ন্যায়পরায়ণ, সাহসী ব্যক্তিত্ব। বাবা পাকিস্তান আমলে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। হয়তো এটাই ছিলো আমার বাবার অপরাধ। ১৯৭১ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় আদালত ভবন থেকে বাড়িতে ফেরার পথে কাজেম আলী রোডে দুর্বৃত্তদের গুলিতে বাবা শহীদ হন। সাতকানিয়ায় তাঁর প্রতিষ্ঠিত মোজাফফর মোক্তার জামে মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে বাবাকে সমাহিত করা হয়।
বাবার জনপ্রিয়তা প্রকাশ পায় বাবার বিশাল জানাজায়।
বর্তমান অধ্যক্ষ কলেজের বৃহত্তর এরিয়ার জমির দলিলের লিখিত বর্ণনা থেকে জানা যায়, ৯ একর ৬ শতক সম্পত্তি কলেজের নামে দান করা আছে। তৎমধ্যে বাবা একাই দান করেন ৬ একর ৮৭ শতক। বাকী সম্পত্তিগুলো আমার দাদাভাই ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা দান করেন এবং বাবা তাদেরকে এই জমির অন্যত্র বদল দিয়ে দেন। বাবা কলেজের বৃহত্তর স্বার্থে মসজিদ, উঠান, পুকুরসহ ভাইদের সহযোগিতায় (৩২ কানি) ১২.৮০ একর জমি দান করেছেন বলে স্থানীয় জনগণের মুখে মুখে।
সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষের চেম্বারের উত্তর দিকের দেয়ালে ৫টি ছবির মধ্যে বাবার ছবি আজও শোভা পাচ্ছে। ছবির নিচে লেখা আছে - "আলহাজ্ব মোজাফফর আহমদ চৌধুরী টি.কে - প্রতিষ্ঠাতা, সাতকানিয়া কলেজ"।
চট্টগ্রাম আদালতে একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন আমার বাবা। এতে ভালো আয় হওয়াটাই স্বাভাবিক। আর এই আয়ের অর্থ তিনি সবসময় জনকল্যাণেই ব্যয় করতেন।
জাতীয় পার্টি আমলে সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল চৌধুরীর উদ্যোগে যোগাযোগ মন্ত্রী মাননীয় আনোয়ার হোসেন মঞ্জু আরাকান মহাসড়কের (কক্সবাজার মহাসড়ক) সাতকানিয়া রাস্তার মাথা থেকে সাতকানিয়া সরকারি কলেজ পর্যন্ত সড়কটি "আলহাজ্ব মোজাফফর আহমদ চৌধুরী সড়ক" নামে উদ্বোধন করেছিলেন। কারণ এই রাস্তাটি আমার বাবার প্রচেষ্টার ফসল। যদিও ১৯৬০ দশকে রাস্তাটি কাঁচা ছিলো।
চলনে-বলনে, কথা-বার্তায় আভিজাত্য রক্ষা করে চললেও বাবা ছিলেন গরিব-দুঃখির অন্তঃপ্রাণ। আদালতে গরিব ও নির্যাতিত মানুষের অভিযোগ প্রাথমিক দৃষ্টিতে সত্য প্রতীয়মান হলে তিনি বিনা ফিতে মামলা পরিচালনা করে তাদের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার অনেক নজির রেখে গিয়েছেন। স্পষ্টবাদী, ধর্মভীরু, নিরহংকারী, অসম্ভব জনপ্রিয় মোজাফফর আহমদ চৌধুরী টি.কে (মোজাফফর মোক্তার) দক্ষিণ চট্টগ্রামের সিংহ পুরুষ হিসেবে সুপরিচিত ছিলেন। বহুমাত্রিকতার বিস্ময়কর প্রতিভার এই গুণী ব্যক্তিত্বের বর্ণনা কোনোভাবেই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। শুধু এতোটুকুই বলবো - আলোকিত জাতি গঠনে তাঁর নিরলস প্রচেষ্টা চির অম্লান হয়ে থাকবে।
বাবা আমাদের আদর্শ!
বাবা আমাদের অহংকার!
বাবা আমাদের গৌরব!
বাবা আমাদের প্রেরণা!
এমন একজন ক্ষণজন্মা খ্যাতিমান মহান ব্যক্তিত্বের সন্তান হতে পেরে আমার জীবন সত্যিই ধন্য। তাই মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি।
"রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানী সাগিরা।"
ইয়া আল্লাহ!
আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসীব করুন।
আমীন।
~ হাসিনা আকতার কোহিনুর ~
(কবি, সাহিত্যিক এবং প্রাবন্ধিক)
★[ মরহুম আলহাজ্ব মোজাফফর আহমদ চৌধুরী টি.কে (মোজাফফর মোক্তার) এর ২য়া কন্যা]