প্রাণঘাতী ইবোলা সংক্রমণের কারণে উগান্ডার দুই এলাকায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। জারি করা হবে কারফিউও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র খবরে বলা হয়েছে, শনিবার থেকে আগামী ২১ দিনের জন্য এই লকডাউন জারি করা হয়েছে। এই সময়ে কেউ ওই দুই জেলায় ঢুকতে বা সেখান থেকে বের হতে পারবেন না।
লকডাউনের এ সময়ে দুই জেলা মুবেন্দে ও প্রতিবেশী কাসান্দেতে সব বার, নাইটক্লাব, উপাসনালয় এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ বলছে, ইবোলার সংক্রমণে উগান্ডায় ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ইবোলায় রেকর্ড ৫৮ জন সংক্রমিত হয়েছেন।
চিকিৎসা সংশ্লিষ্টদের ধারণা, উগান্ডায় মৃত্যু ও সংক্রমণ আরও বেশি হতে পারে। জরুরি পদক্ষেপ ছাড়া পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে উঠছে।
উগান্ডার প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনি এক টেলিভিশন ভাষণে বলেন, ইবোলা সংক্রমণের বিস্তার রোধে অস্থায়ী এইসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সবার উচিত কর্তৃপক্ষকে সব ধরণের সহযোগিতা করা। যাতে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে আমরা এবারের প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণে আনতে পারি।
এর আগে মুবেন্ডেতে সেপ্টেম্বর মাসের প্রথমদিকে ইবোলার সংক্রমণ শুরু হয়। রাজধানী কামপালা থেকে ৮০ কিলোমিটার দূরের এই শহর এখন ইবোলা সংক্রমণের কেন্দ্রস্থল।