সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা হয়েছে ৩ হাজার ২২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৯৯ জন।


মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ৫২৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ১৪৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৭৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ৬১২ জন।

গত ১৩ অক্টোবর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়। যা এ বছর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ প্রাণহানি।