আজ ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ১০ বছর পর চট্টগ্রামে শেখ হাসিনার উপস্থিতিতে জনসভা হতে যাচ্ছে। জনসভার জন্য নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডের মাঠে তৈরি হয়েছে  নৌকার আদলে মঞ্চ। আর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জনসভার সময় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে। ঐ দিন সাড়ে সাত হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে সিএমপি।

বাংলাদেশের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় জানিয়েছেন, চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 কমিশনার কৃষ্ণপদ রায় জানান, “জনসভাকে ঘিরে গড়ে তোলা হবে তিন স্তরের নিরাপত্তা। নগর জুড়ে মোতায়েন থাকবে সাড়ে সাত হাজার পুলিশ।” 

সিএমপি কমিশনার বলেন, “৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে যথেষ্ট সতর্ক অবস্থানে আছি এবং শুধু পলোগ্রাউন্ড মাঠ নয়, পুরো নগরে নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে সাত হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।” কৃষ্ণপদ রায় বলেন, “এরমধ্যে পলোগ্রাউন্ড মাঠসহ পুরো চট্টগ্রাম মহানগরে আমাদের ছয় হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করতে, বাইরে আরও দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।”

পুলিশ কমিশনার বলেন, “স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো আয়োজন তদারকি করছে। তাদের পরামর্শ মতে, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোন থাকবে। মোটকথা, পুরো শহর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। 

তিনি আরও বলেন, “ঐ দিন স্কুলের পরীক্ষা আছে। সেদিকে আমাদের নজর আছে। আমরা অভিভাবকদের বলব আপনারা হাতে সময় নিয়ে বের হবেন। তবে কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের খবর দিলে আমরা গাড়ি করে কেন্দ্রে পৌঁছে দেব।”

এছাড়াও, মঞ্চের সামনে মুক্তিযোদ্ধা, ভিআইপি ও নারীদের বসার জন্য পৃথক প্যান্ডেল তৈরি করা হচ্ছে।