চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আইয়ুব মিয়াজি'কে পিটিয়ে দোতলার থেকে ফেলে গুরুতর আহত করার প্রধান ২ আসামী  মোঃ আলাউদ্দিন (৩৫), মোঃ ফারুককে র‌্যাব -৭, চট্টগ্রাম গ্রেফতার করে।

গত ০৪ এপ্রিল চন্দনাইশ উপজেলার স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজি (৩৪) এর উপর কতিপয় দুস্কৃতিকারী হামলা চালিয়ে পিটিয়ে জখম করে দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করে। ভিকটিম আইয়ুব মিয়াজীর দোহাজারী পৌরসভা এলাকায় আর কে প্লাজার দোতলায় একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। গত মঙ্গলবার প্রকাশ্যে তার নিজ প্রতিষ্ঠানে দুবৃত্তরা এ হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সাংবাদিককে দোতলা থেকে ফেলে দেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ঘটনার বিচার দাবি করে স্থানীয় সাংবাদিকরা প্রেসক্লাবে মানববন্ধন করেন। উপরোক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে চন্দনাইশ সহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

চন্দনাইশ থানায় ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে যার মামলা নং ২/৬০ তারিখ ০৫ এপ্রিল ২০২৩ই ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।

হামলার সাথে জড়িত প্রধান দুই আসামী আলাউদ্দিন এবং ফারুক গ্রেফতার এড়াতে ঢাকা মহানগরীর কমলাপুর টিটি পাড়া রোড়ের সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে ।

গোপন  তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব -৭, চট্টগ্রামের অভিযান পরিচালনা করে আসামী আসামী  মোঃ আলাউদ্দিন (৩৫), মোঃ ফারুক (২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।