খুলশী থানাধীন লালখানবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত হয়েছেন। আজ বিকাল সাড়ে ৩টার দিকে জনৈক জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে তারা আহত হন। আহত শ্রমিকরা হলেন- রফিক ও রিপন। এরমধ্যে রিপনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় লালখানবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তিনি শ্রমিক হিসেবে ভবনটিতে কাজ করছিলেন। কাজ করার সময় একপর্যায়ে পা পিছলে তৃতীয় তলা থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হয়।
লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত বেলাল বলেন, বিকাল ৩টার দিকে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুইজন আহত হয়েছে। ভবনটি সিডিএ-র প্ল্যান না মেনেই করা হচ্ছিল। রাস্তার জায়গা ছাড়েনি। নালা, র‌্যাম্প রাখা হয়নি। নির্মাণ কাজ চলার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়নি। চসিকের সভায় বিষয়টি নিয়ে আমি কথাও বলেছি। শেষ পর্যন্ত সেই ভবনটিতেই দুর্ঘটনা ঘটলো।