সিইউজে'র শোক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও ত্যাগী রাজনীতিবিদ। তিনি শুধু গণমানুষের নেতা ও জননেতা ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যু দেশ ও রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সিপিবির শোক : বীর মুক্তিযোদ্ধা,সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও প্রবীণ রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা বলেন, আবদুল্লাহ আল নোমান ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্র ইউনিয়নে যোগ দিয়েছিলেন। তিনি অবিভক্ত ছাত্র ইউনিয়নের, চট্টগ্রাম জেলার সভাপতি এবং পরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন। ছাত্রজীবন শেষে আবদুল্লাহ আল নোমান যোগ দেন শ্রমিক আন্দোলনে।তিনি পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন ।ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হয়েছিলেন।
৬৯'র গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৭১'র মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। স্বৈরাচারী আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তিনি একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা অবিস্মরণীয়। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় সিপিবি নেতারা আবদুল্লাহ আল নোমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাউদার্ন ইউনিভার্সিটি : সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোর ৬ টায় ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বনামধন্য গুণী এই শিক্ষানুরাগী ও রাজনীতিবিদের মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে।
এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য(ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গাউছিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী থানা পূর্ব শাখা : দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের একনিষ্ঠ খাদেম হুজুর কেবলা আল্লামা তাহের শাহ (ম.জি) আলীর মুরিদান চট্টলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সাবেক সফল মন্ত্রী প্রবীণ জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের ইন্তেকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী থানা পূর্ব শাখার পক্ষ থেকে থানা পূর্বের আহবায়ক আলহাজ্ব খাইর মোহাম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন মুন্না, উপদেষ্টা আলহাজ্ব নূর আহমদ পিন্টু, সদস্য আলহাজ্ব ছাবের আহমদ, মোহাম্মদ জাহিদ হোসেন, হাফেজ নুর হাসান, মোঃ আহাম্মদ ইমু, তাজ উদ্দীন সুমন, মনির আহমদ গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন আব্দুল্লাহ আল নোমানের ইন্তেকালে দেশ ও জাতির তথা তরিকতের সুন্নিয়তের অপূরণীয় ক্ষতি হল। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ইন্তেকালে শোক জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক শোকবিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। জাতীয় রাজনীতিতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও তিনি শ্রমিক অঙ্গনে ভূমিকা রেখেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের ইন্তেকালে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে শোক জ্ঞাপন করছি। মরহুমের পরিবার, সহকর্মী ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, আজ ২৫ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্কয়ার হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে ইন্তেকাল করেন।