চট্টগ্রামের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের দুঃস্থ চক্ষু রোগীদের পুনরায় দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মানবিক সংস্থা জেকু ফাউন্ডেশন কেনেডা ধারাবাহিকভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।
রোববার (২৯ জুন) দুপুরে লায়ন চক্ষু হাসপাতালের সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় লায়ন নাসিরউদ্দিন চৌধুরী জানান,এখন পর্যন্ত JECO Foundation-এর সহায়তায় তিনটি ধাপে মোট ১,১৫৫ জন দরিদ্র ছানিপড়া রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়েছে, যারা এখন সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন।
উল্লেখযোগ্যভাবে এই কার্যক্রম তদারকি করছেন লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, যিনি JECO Foundation-এর কানাডা চ্যাপ্টারের কোঅর্ডিনেটর এবং লায়ন্স জেলা ৩১৫-বি৩, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে লায়ন্স সদস্য, আজীবন সদস্য, দাতা প্রতিষ্ঠান ও বিদেশি সংগঠনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা Operation Eyesight Universal, ORBIS International, Standard Bank Ltd, Fred Hollows Foundation সহ অন্যান্য সহায়তাকারী সংস্থাগুলোর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালকে একটি আধুনিক, স্বয়ংসম্পূর্ণ চক্ষু হাসপাতাল হিসেবে গড়ে তোলার প্রয়াস অব্যাহত রয়েছে। এই যাত্রায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সমাপ্তিতে, সবাইকে ধন্যবাদ জানিয়ে বলা হয়—এই প্রতিষ্ঠান কখনোই রোগীদের অনুগ্রহে নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে নিরলসভাবে সেবা দিয়ে যাবে এবং নিশ্চিত করবে, কোনো রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান লায়ন এম.এ. মালেক, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন এস.এম. সামশুদ্দিন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর জেলা গভর্ণর লায়ন কোহিনূর কামাল, সদ্য নির্বাচিত জেলা গভর্ণর মোসলেহ উদ্দিন আহমেদ অপু, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।