নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের মোহরা এলাকায় শতবর্ষী পুকুর ভরাটের বিরুদ্ধে রাস্তায় নেমে মানববন্ধন করলো পরিবেশবাদীরা। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শনিবার ( ১৯ জুলাই ) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশবাদী বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, বর্তমানে চট্টগ্রাম নগরীতে ৪৬৪১টি পুকুরের মধ্যে ২৩৯০টি পুকুর ভূমিদস্যুর দাপটে ভরাট হয়ে গেছে। সম্প্রতি নতুন করে মোহরা সেলিমের পিতার বাড়ি এলাকায় জনগণের ব্যবহৃত পুকুর প্রশাসনের নাকের ডগায় রাত দিন ভরাট চলছে। যেন দেখার কেউ নেই। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বৃহত্তর চট্টগ্রামে শত শত পাহাড় কেটে, নালা-নদী ভরাট করে চট্টগ্রামকে কংক্রিটের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে অক্সিজেনের অভাবে চট্টগ্রামের মানুষ সহ পশু-পাখি, জীবজন্তু বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়বে।
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর যৌথ উদ্যোগে বাপসার কেন্দ্রিয় সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে, সিডিএফ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলমদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপসার কেন্দ্রীয় সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স-এর সদস্য মাহবুবুর রহমান রানা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সচিব এড. মোহাম্মদ জসিম উদ্দিন, আইএইচআরসি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক, পরিবেশ কর্মী জান্নাতুল নাঈয়ুম রিকু, মানবাধিকার কর্মী এস এম ফরিদ, বাপসার কেন্দ্রীয় সদস্য, পটিয়া উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান আফরোজা জলি, সিডিএফ-এর সহ সভাপতি এস এম ইমরান, নগর পরিবেশ সম্পাদক সাইফুল আলম খান এবং সাধারণ সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে বাপসার কেন্দ্রীয় সভাপতি এম এ হাশেম রাজু বলেন, স্থানীয় ভূমিদস্যু, প্রশাসন, মাফিয়া লুটেরা গোষ্ঠী রাতের অন্ধকারে প্রতিনিয়ত পুকুর ভরাট করেই চলছে। তাই অনতিবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া সারা চট্টগ্রামে কর্ণফুলী, হালদা নদীসহ শহরের অধিকাংশ পুকুর, জলাশয়, গাছপালা সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বলেও মত দেন তিনি। সিডিএফ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলমদা বলেন, পুকুর ভরাট, নদী-নালা দখল দূষণের কারণে মায়ের গর্ভে থাকা শিশুটিও ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীতে ভূমিষ্ট হচ্ছে। তাই নগরীর ৪১টি ওয়ার্ডে পুকুর ভরাটের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করতে পরিবেশবাদী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।