ফটিকছড়ির হাসনাবাদ রেঞ্জের করোলিয়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদ করে প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


অভিযানে দেখা যায়, করোলিয়া এলাকার সংরক্ষিত বনে অবৈধভাবে ঢুকে কাঠ ও টিন দিয়ে দুটি ঘর ও দোকান তৈরি করা হয়েছে। বন বিভাগের এক সাঁড়াশি অভিযানে এসব স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ করে আনুমানিক দুই একর বনভূমি পুনরুদ্ধার করা হয়।

এর আগে গত ১০ নভেম্বর ভোরে একই এলাকায় বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা মো. সিফাত আল রাব্বানী ও তার সহকর্মীরা অবৈধ গাছ কর্তন ঠেকাতে গেলে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বনকর্মী মো. সোহেল গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

বন বিভাগ সূত্র জানায়, বনকর্মীদের ওপর হামলার প্রধান হোতা ও চিহ্নিত বনদস্যু মো. আলমগীর দীর্ঘদিন ধরে বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক ছিল। তার সদ্য দখলকৃত ঘর ও বনদস্যুদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত দোকানঘরটি অভিযানে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সদরের সহকারী বন সংরক্ষক মো. হারুন অর রশীদ। উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. আবরার রহমান। মীরসরাই, করেরহাট, নারায়ণহাট ও হাসনাবাদ রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৪০-৫০ জন বনকর্মী অভিযানে অংশ নেন।  

বন বিভাগ জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।