চট্টগ্রাম লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নাম এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ নামে আরেক আরোহী গুরুতর আহত হন। 

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে। 

জানা গেছে, কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫জন নারী-পুরুষ মিলে ৩ দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল। রোববার সকালে কক্সবাজার থেকে ফেরার পথে জাঙ্গালিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপর বসানো গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেলটি সেতুর নিচে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনকে এখানে আনা হয়। এর মধ্যে সাকিবুল হাসান নাম একজন হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, লাশ উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।