সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদলে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। আর গত বছরের অক্টোবর থেকে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

 বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এর আগে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং আর্মি হেডকোয়ার্টার্সের (এএইচকিউ) মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবেও দায়িত্বে ছিলেন।

এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতির আগে স্বল্প সময়ের জন্য ডিজিএফআই-এর মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এ কর্মকর্তা রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের লগ এরিয়া 
কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরো ৮টি পদে রদবদল আনা হয়েছিল।