রাউজান উপজেলার অলি মিয়া হাট এলাকায় মুজিব ভান্ডারী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অলি মিয়া হাট এলাকায় অবস্থানকালে সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত মুজিব ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন।

এ সময় বাইরে থেকে কয়েকজন যুবক এসে গুলি করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
এনিয়ে রাউজানে গত ১৮ মাসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।