বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেওয়া জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাসে যুক্ত হচ্ছেন তিনি।
এর আগে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথমবার বক্তব্য দেন তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
জিয়াউর রহমানের সেই ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব পায়। তিনি বিশ্বে শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পারস্পরিক দায়িত্ববোধের ওপরও গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, ১৯৯৩ সালের প্রথম ভাষণের পর বেগম খালেদা জিয়া জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে আরও কয়েকবার বক্তব্য দেন। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভা উল্লেখযোগ্য। জাতিসংঘের নথিতেও ২০০৫ সালের তাঁর বক্তব্যের রেকর্ড রয়েছে।
এবার একই আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো বক্তব্য দিতে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তাঁর এই ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পৃক্ততার আরেকটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।
পররাষ্ট্রসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পেতে পারে। পাশাপাশি যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও তুলে ধরার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য—“Restoring trust, managing transformation: A United Nations that delivers for all.” ২২ সেপ্টেম্বর থেকে সাধারণ বিতর্ক শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
২৪ সেপ্টেম্বরের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের মঞ্চে তারেক রহমানের আনুষ্ঠানিক অভিষেক ঘটবে, আর একই সঙ্গে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাঁর নাম যুক্ত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তব্যের ইতিহাসে।
জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ ২৪ সেপ্টেম্বর, একই মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় সদস্য