L
রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা অবস্থায় সুমন শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। 

তিনি বলেন, একটি কোম্পানির ৫৩ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত ছিলেন সুমন। এ অভিযোগে ৪ জনকে আটক করা হয়। গতকাল সুমনের বাসায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সুমন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 


তিনি আরও বলেন, রাত সাড়ে ১১টার দিকে তাকে থানায় এনে আলাদা একটি লকআপে রাখা হয়েছিল। রাত ৩টা ৩২ মিনিটে ভেন্টিলেটরের রডের সঙ্গে সুমন নিজের ট্রাউজার খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। থানার সিসিটিভি ফুটেছে এটি দেখা গেছে। 

এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন ও কনস্টেবল জাকারিয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি আজিমুল হক।

তিনি বলেন, সেসময় থানায় ডিউটি অফিসার হেমায়েত হোসেন এবং কনস্টেবল জাকারিয়া ওই লকআপ দেখাশোনার দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর আর কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ঘটনায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুককে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, ৭ কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সুমনের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যালে পাঠানো হয়েছে।