রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাঁচজন ঘটনাস্থলে বাকি দুজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত বাকিদের মধ্যে আরও দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ খতিবুর রহমান।
তিনি বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধারকাজ শুরু করেন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে, জানান তিনি।