চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। তিনি বলেন, মানুষে মানুষে মিলনের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন। এ উন্নয়ন আর্থসামাজিক ও মানব সভ্যতার। নারীদের সুশিক্ষিত হয়ে দেশ গঠনের আহবান জানিয়ে মেয়র বলেন, উন্নয়নে নারীদের প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য ৬০ভাগ কোটা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। মেয়র ১৬বছরের নীচে মেয়েদের হাতে মোবাইল না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এ যুগে ব্যবহারিক শিক্ষার কোন বিকল্প নেই। ব্যবহারিক শিক্ষা ছাড়া কোন জাতি জ্ঞান-বিজ্ঞানের উন্নতির চরম শিখরে আরোহন করতে পারে না। আজ মঙ্গলবার সকালে পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক রাজন চক্রবর্তী। এতে আরো বক্তব্য রাখেন এটি এম জামাল উদ্দিন, আবদুস সাকুর ফারকী, এটি এম জমির উদ্দিন মানিক, প্রাক্তন প্রধান শিক্ষক মফিজুর রহমান, নাছির উদ্দিন কলেজের অধ্যক্ষ মিসেস জয়নাব বেগম, জান্নাতুল ফেরদৌস, জসিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আবু তৈয়ব প্রমুখ। মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মেয়েদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার জন্য বৃত্তি ও উপবৃত্তি প্রদান করেছেন। তিনি বলেন, শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ ব্যবস্থা গ্রহন করাতে আমাদের শিক্ষার্থীরা সহজেই শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে, ইংরেজী বছরের প্রথমে বিনামূল্যে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিশুদের মাঝে পাঠ্য বই বিতরণ করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু উচ্চ নম্বর প্রাপ্তির ব্যবস্থা না করে তার পাশাপাশি সামাজিক দক্ষতা, মানবতা ও নৈতিকতাসহ প্রয়োজনীয় মানবিক গুণাবলি এবং যে সব বিষয় তারা পড়ে সেগুলোর সঠিক ধারনা দেয়াকে বেশী গুরুত্ব দিতে হবে। তিনি চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূর্তকী কমিয়ে আনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যদের প্রতি আহবান জানান। মেয়র স্কুলের একটি ভবনের নাম প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাকের নামে নামকরণ করা হবে বলে ঘোষনা দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুলের ৪ জন প্রাক্তন ছাত্রী বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারী পেশায় নিয়োজিত হওয়ায় মেয়র তাদের সম্মাননা ক্রেষ্ট উপহার দেন। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করনে। পুর্নমিলনীতে আগত শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় অংশনেন।