রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুখাইন গ্রামে দেড়শ বছরের অধিক পুরনো পুকুর ভরাটের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম-এ পরিবেশ আইনে এই মামলাটি দায়ের করা হয়। মামলার আসামি মো. খোরশেদ স্থানীয় ইউপি সদস্য এবং ওই পুকুরের একজন অংশীদার।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম বলেন, গত ৫ ফেব্রুয়ারি কচুখাইন গ্রামের বেশকিছু বাসিন্দার স্বাক্ষরে ১.২৩ শতক পুকুর ভরাটের একটি অভিযোগ করা হয় চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরে। অভিযোগে উল্লেখ করা হয়, ওই এলাকার মফিজ আহমেদের ছেলে মো. খোরশেদসহ আরো ১০-১২ জন ব্যক্তির যোগসাজশে এজমালী পুকুরের আরো অনেক স্বত্ত্বাধিকারী ও স্থানীয় ব্যক্তিদের তোয়াক্কা না করে ঐতিহ্যবাহী পুকুরটি ভরাট করে আবাসিক, বাণিজ্যিক ভবন এবং কবরস্থান নির্মাণের চেষ্টা চলছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সত্যতা পাওয়ায় পরিবেশ আইনে এনপোর্সম্যান্ট মামলা রুজু করা হয়েছে।