ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে খুলশীস্থ হাসপাতাল মেলা প্রাঙ্গনে  ১১তম বারের মত ”ডায়াবেটিক মেলার” ২য় দিন  চিত্রাংকন প্রতিযোগীতা, মেরিট এ্যাওয়ার্ড প্রদান ও পুরস্কার বিতরনী বিকাল ৫.৩০ ঘটিকায় সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন- ১১তম ডায়াবেটিক মেলার ২য় দিনে চিকিৎসা সেবার পাশাপাশি  ব্যতিক্রমধর্মী কার্যক্রম শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৩ এবং শিশুদের বিনোদনের জন্য কবিতা, গান, নাচ ও যাদু প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।  মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতায় শিশুদের অংশগ্রহণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্টানের প্রধান অতিথি পাহাড়তলী ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম চৌধুরী বলেন, ডায়াবেটিক হাসপাতাল শিশুদের উন্নয়নে কাজ করছে এবং মেলা উপলক্ষে ডায়াবেটিক রোগীদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডায়াবেটিক হাসপাতালে সেবার মান অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক উন্নত এবং মানসম্পন্ন। তিনি আরো বলেন, এ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করে চিত্রাংকন প্রতিযোগীতা শিশুদের মানসিক বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং বর্তমান প্রজন্মের সন্তানদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।

নির্বাহী সদস্য  মোঃ শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এএস,এম জাফর, নির্বাহী সদস্য মোঃ আলী চৌধুরী, এডিশনাল  ডাইরেক্টর ডাঃ নওশাদ আজগার চৌধুরী। চিত্রাংকন প্রতিযোগীতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউট এর সহযোগী অধ্যাপক তাসলিমা আকতার বাঁধন ।
চিত্রাংকন প্রতিযোগীতায় ক ও খ বিভাগে প্রায় শতাধিক শিশু- কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার সহ সকল শিশুদের  সার্টিফিকেটসহ পুরষ্কার এবং হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের মেরিট এ্যাওয়ার্ড প্রদান করা হয় ।মেলায় আগত ডায়াবেটিস রোগী ও স্টল মালিকদের অনুরোধে মেলা একদিন বর্ধিত করে ১৪-২-২৩ তারিখ পর্যন্ত চলবে।