মহান একুশের ভাষা শহীদদের আত্মদান এর মধ্য দিয়েই এদেশে স্বাধীকার এর সংগ্রাম সূচিত হয়েছিল। দ্বিজাতিতত্ত্বকে প্রত্যাখ্যান করে ভাষা ভিত্তিক জাতীয়তা চেতনার উন্মেষ ঘটেছে। গণতান্ত্রিক আশা আকাঙ্খার মূর্ত প্রতীক একুশে ভাষা আন্দোলন বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতিসহ সমাজ জীবনে গভীর তাৎপর্যময় অবদান রেখেছে। স্বাধীনতা উত্তরকালে এ জাতির প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে একুশের প্রেরণা অবিনশ্বর। এই জনপদের প্রতিটি শহীদ মিনার নিরন্তর অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাকে পুষ্ট করেছে। একুশের চেতনার দেদীপ্যমান শিখায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। অমর একুশে উপলক্ষ্যে কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে সংগঠনের সভাপতি এ কে এম আকতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখছিলেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী সদস্য পার্থ প্রতিম বড়ুয়া জয়।