"ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে " এই স্লোগানে সারা দেশের ন্যায় চন্দনাইশে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও প্রদর্শনীয় মাধ্যমে শেষ হয়।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নিবার্চন অফিসার মিনহাজুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনায় ও র্যালীতে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সুলাইমান ফারুকী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ’লীগের নেতৃবন্দ, স্থানীয় চন্দনাইশ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও এলাকার ভোটারগণ।
৫ম জাতীয় ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা। বিশেষ করে রোহিঙ্গাদের ভোটার হতে সুযোগ না দেওয়ার জন্য সাধারণ জনগণদের প্রতি আহবান করেন। তারা বলেন রোহিঙ্গা শ্রমিকদের ২০০ টাকা সস্তায় কাজে নিয়ে নাগরিকতার সুযোগ করে দিয়ে ১৬ কোটি মানুষের ভাগ্যে থাবা দিচ্ছে কিছু প্রভাবশালী স্বার্থনৈষী মহল। কয়েক বছর চাকুরী করার জন্য সঠিকভাবে জন্মনিবন্ধন না করা এবং মৃত্যুর পরও জায়গা-জমি বিক্রি করার জন্য মৃত্যুনিবন্ধন না করা প্রসঙ্গও উঠে এসেছে এই আলোচনা সভায়।
জানা যায় আগে জাতীয় ভোটার দিবস পালিত হতো ১ মার্চ। ২০১৮ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা ও উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে একই বছরের ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১ মার্চ তারিখকে ‘জাতীয় ভোটার দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়। কিন্তু পরবর্তীতে ১ মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করে ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।