দক্ষিণ কাট্টলী ফইল্যাতলী কাঁচা বাজার ও কিচেন মার্কেট দোকান ‘মালিকদের সাথে চুক্তি ভঙ্গ করে বহিরাগতদের নিকট দোকান বরাদ্দ দেওয়ার’ প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ফইল্যাতলী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হালিশহর থানাধীন ফইল্যাতলী কাঁচা বাজার ও কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি হাজী আসলাম হোসেন সওদাগর বলেন, এখনও মেয়রের উপর ব্যবসায়ীদের পূর্ণ আস্থা আছে। কিন্তু চসিকের কিছু কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে পড়েছে ব্যবসায়ীরা। তারা যথাযথ নিয়মে পুরনো ব্যবসায়ীদের দোকান বরাদ্দের ব্যাপারে মেয়রের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।
এই সময় বক্তরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, ৪০ বছরের পরিশ্রমে আমরা এ বাজার গড়ে তুলেছি। এখন মোটা অংকের বিনিময়ে বহিরাগতদের দিয়ে বাজার গড়তে চায় চসিকের এ কর্মকর্তারা। আমাদের দোকান বরাদ্দের ব্যাপারে যদি কোন তালবাহানা পরিলক্ষিত হয় তাহলে ব্যবসায়ীরা রাস্তায় নেমে পড়বে । দাবি আদায় না হলে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
এই সময় তারা দাবী জানান প্রকৃত দোকানদারদের দোকান বরাদ্দ দেওয়া, দোকান না দেওয়া পর্যন্ত কাঁচা বাজার উচ্ছেদ না করাসহ নানা দাবি জানান।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ফইল্যাতলী বাজার সমিতির সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, অর্থ সম্পাদক মো. নাজিম, সামছু, ইমরান, ফারুক, আজিজ প্রমুখ।