রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার পরে গুলশানে নিজ বাসভবন ফিরোজা’য় ফেরেন তিনি।


এর আগে, বিকেল ৫টা ৩৩ মিনিটে হাসপাতালে পৌঁছান বিএনপি প্রধান। সেখানে তারা স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডাম তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসেছেন।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে যান। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

মুক্তির সময় বিএনপি প্রধানকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ থাকার এবং দেশে থেকেই চিকিৎসা নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। বিএনপি ও পরিবার তাকে বিদেশে নেওয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়।