আগামী ২৭ আগস্ট এর মধ্যে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে রানিং স্টাফদের ১৬০ বছর যাবত বহাল পার্ট অব পে ৭৫% মাইলেজ (বেতন) যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারনে অর্থ মন্ত্রনালয় কর্তৃক সকল অসম্মতি প্রত্যাহার করে সুস্পষ্ট আদেশ জারির দাবীতে আজ সকালে য় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক /পূর্ব বরাবর রানিং স্টাফ ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে মিছিল সহকারে স্মারকলিপি পেশ করা হয়।
মিছিল শেষে সিআরবি জিএম/পূর্ব কার্যালয়ে সর্বস্তরের রানিং স্টাফদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা ২৮ আগস্ট হঠাৎ করে কর্মবিরতিতে যাচ্ছি না। ৩ বছর ধরে এ সমস্যা সমাধানের জন্য আমরা দ্বারে দ্বারে ঘুরেছি। রেলমন্ত্রী মিডিয়ার সামনে আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। রেল সচিব, রেলের মহাপরিচালক আমাদের প্রাপ্যতার আইনগত ভিত্তি তুলে ধরে অর্থ মন্ত্রনালয়কে বারবার চিঠি দিয়েছেন। সর্বশেষ রেলওয়ের মহাপরিচালক এর ১১/০৬/২৩ এর আদেশকে অবজ্ঞা করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রনালয়ের একটি বিভাগ। আমরা নতুন কোন দাবী জানাই নাই। ১৬০ বছরের অধিকার যা আমরা ব্রিটিশ আমল থেকে রেলওয়ের কোড ও বিধি বিধানের আলোকে পেয়ে আসছি, তা কেড়ে নেয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা ১৯৯৮ সালেই একবার মীমাংসা করে দিয়েছিলেন, তা নিয়ে বারবার জটিলতা সৃষ্টি করা দুরভিসন্ধিমূলক এবং সরকারের ভিতর লুকিয়ে থাকা একটি সরকার বিরোধী চক্রের শ্রমিক অসন্তোষ সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র বলে আমরা মনে করি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন রানিং স্টাফ ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, গার্ড কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান, রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইমুম হোসেন ভোর, সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, টিটিইজ এসোসিয়েসন এর নেতা সবুজ নন্দী সহ রানিং স্টাফ ঐক্য পরিষদ ভুক্ত বিভিন্ন রেলওয়ে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৭ আগস্ট ২০২৩ খ্রিঃ এর মধ্যে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে ১৬০ বছর যাবত বহাল পার্ট অব পে ৭৫% মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারনে অর্থ মন্ত্রনালয় কর্তৃক সকল অসম্মতি প্রত্যাহার করে সুস্পষ্ট আদেশ জারি করা না হলে আগামী ২৮ আগস্ট ২০২৩ খ্রিঃ ০০:০১ মি থেকে সর্বস্তরের রানিং স্টাফগণ কর্মবিরতি পালন করবেন।