বিশ্ব শান্তি ও নৈতিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে নবী দিবস উদযাপন পরিষদের আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো মহান ‘নবী দিবস’। বিশবমানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ মোস্তাফা (দ.) এর ধরায় শুভাগমনের দিন ২৯ আগস্ট ৫৭০ খৃষ্টাব্দ স্মরণে সৌরবার্ষিকী আবির্ভাব দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ২টায় এ উপলক্ষে ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাজির দেউড়ী হয়ে জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন ও মহান নবী দিবসের উদ্যোক্তা আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)।
পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে দেশ ও দেশের বাইরের স্বনামধন্য সুফি-দরবেশ, আলেম-ওলামা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, বছর পরিক্রমায় আজ আবার আমাদের মাঝে এসেছে এ দিবস। দিনটি শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, বরং গোটা বিশ্বমানবতার জন্য অসাধারণ তাৎপর্য ও গুরুত্ব বহন করে। বলা বাহুল্য নবী দিবসকে যদি সর্বস্তরের মানুষ মহানবীর আদর্শে ও মূল্যবোধে নিজেদের ব্যক্তি ও সমাজ কাঠামো গড়ে তোলার দৃঢ় সংকল্প গ্রহণ করে, তাহলে অতি স্বল্প সময়ে এই দেশ ও সমাজকে আদর্শ সমাজে পরিণত হবে। যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হজরত মুহাম্মদ (সা.)।