চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে স্বৈরশাসক, খুনী হাসিনা ক্ষমতায় ছিল। এই দীর্ঘ সময়ে আপনাদের অনেকেই অন্যায়-অত্যাচার ও হয়রানীর শিকার হয়েছেন। এখন আপনারা মুক্ত। এখন আর কেউ আপনাদের নির্যাতন করবে না, হয়রানী করবে না। আপনারা সংঘবদ্ধ থাকবেন। আগামীতে সবাই একত্রিত হয়ে কাজ করবেন। গাড়ী স্ট্যান্ড ও সড়কে কোথাও কেউ চাঁদাবাজী করলে তাদের একত্রিত হয়ে প্রতিহত করবেন। দুর্ঘটনারোধে অপরিপক্ক চালক দিয়ে গাড়ী চালাবেন না। ট্রাফিক আইন ও সড়কের নিয়মকানুন সমূহ যথাযথভাবে মেনে চলবেন। যাত্রীরা যাতে কোনভাবে হয়রানি না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। যাত্রীসেবার মান বাড়াতে মালিক-চালক সবাইকে  এগিয়ে আসতে হবে। আপনাদেরও যাতে পুলিশ অযথা হয়রানি না করে সেবিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আপনাদের যেকোন সমস্যায় অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

০২ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় বহদ্দারহাট কার মাইক্রো বাস চালক ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধান অতিথির নিকট তুলে ধরেন।


মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভ‚ইয়া। মো. আলমগীর এর সভাপতিত্বে ও ইউসুফ আলী লিটন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আলম, মো. হারুন, মো. আলমগীর, মো. আজম, আবু তৈয়ব, মো. ফারুক, মো. বশির, মো. বশর, মো. হাকিম, মো. সাইফুল প্রমুখ।