বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, সমাজের প্রতিটি স্তরে আল কোরআন ও রাসলের (সা.) সুন্নাহর অনুসরণে মানবজাতির কল্যাণ নিহিত। তিনি বলেন, মুমিনগণ তাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে দৌঁড়ানোর মাধ্যমে সফলতা লাভ করতে পারে, যার চূড়ান্ত রূপ হলো তাকওয়া। সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয়, রাগ দমন ও মানুষদের ক্ষমা করার মাধ্যমে আল্লাহ প্রিয় মুহসিন বান্দা হওয়া সম্ভব। তিনি প্রতিটি ঘরে দ্বীনের সৌন্দর্য পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর হিলভিউ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিলে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. মাওলানা আবু বকর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর মাহবুবুল হাসান রুমী, কাজী আব্বাস আলী, মুহাম্মদ ইসমাইল, গিয়াস উদ্দীন প্রমুখ।